JobShathi
সাইন আপ
সর্বশেষ হালনাগাদ: 22 অক্টোবর 2026

রিফান্ড নীতি

এই নীতি JobShathi-র অ্যাপ্লাই সার্ভিস-এর জন্য, যেখানে আমরা আপনার পক্ষে টেলিটকে সরকারি চাকরির আবেদন জমা দিই এবং সরকারি আবেদন ফি পরিশোধ করি। অটোফিল প্যাকের নিয়ম নিচে আলাদা করে লেখা। বিজ্ঞপ্তি, ট্র্যাকার ও সিভি বিল্ডার বিনামূল্যে, তাই সেগুলোতে কোনো টাকা লাগে না।

সংক্ষেপে

  • আবেদন জমা দিতে না পারলে পুরো টাকা (সার্ভিস ফি + সরকারি ফি) আপনার ব্যালেন্সে ফেরত।
  • টেলিটক কম ফি নিলে বাকি টাকা ব্যালেন্সে ফেরত; বেশি নিলে বাড়তিটা আমরা দিই।
  • ফি দেওয়ার আগে আবেদনের কপি আপনি দেখে নেন; ভুল থাকলে নতুন করে জমা দিই, বাড়তি টাকা লাগে না।
  • ব্যালেন্সের অব্যবহৃত টাকা চাইলে bKash-এ ফেরত নিতে পারবেন।
  • আপনার কপি নিশ্চিত হওয়ার পর ফি দিয়ে আবেদন সম্পন্ন হলে সেই আবেদনের টাকা ফেরত হয় না।
  • অটোফিল প্যাক চালু করা না গেলে টাকা ফেরত; চালু হওয়ার পর ফেরত হয় না।

1. টাকা কীভাবে নেওয়া হয়

প্রতিটি আবেদনে সার্ভিস ফি ৳49 এবং পদের সরকারি আবেদন ফি; আবেদন করার সময় মোট টাকা দেখানো হয়। টাকা আপনার JobShathi ব্যালেন্স থেকে কাটা হয়, অথবা bKash-এ পাঠিয়ে TrxID দিলে যাচাইয়ের পর কাটা হয়। কোনো লুকানো বা স্বয়ংক্রিয় চার্জ নেই।

bKash-এর Send Money চার্জ (৳5) আমরা বহন করি: চাইলে মোট টাকার চেয়ে ৳5 কম পাঠান, পুরো টাকাই ধরা হয়। নিজে চার্জ দিয়ে পাঠালে সেটা bKash নেয়, JobShathi নয়, তাই তা ফেরতযোগ্য নয়।

অ্যাকাউন্ট ছাড়া WhatsApp-এ করানো আবেদনে একই মূল্য ও একই নিয়ম; ফেরত টাকা ব্যালেন্সের বদলে আপনার bKash নম্বরে পাঠানো হয়।

2. যখন পুরো টাকা ফেরত পাবেন

  • যেকোনো কারণে আমরা আবেদন জমা দিতে না পারলে, যেমন টেলিটক আগেই ফরম বন্ধ করে দিলে, সার্ভার সমস্যায় সময় পার হয়ে গেলে।
  • শেষ সময়ের 24 ঘণ্টার কম আগে অর্ডার করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি; জমা দিতে না পারলে পুরো টাকা ফেরত। শেষ 6 ঘণ্টায় নতুন অর্ডার নেওয়া হয় না।
  • সরাসরি bKash পেমেন্ট যাচাই হওয়ার আগেই আবেদনের সময় শেষ হয়ে গেলে: টাকা ব্যালেন্সে জমা থাকে, আবেদন বাতিল হয়।

3. সরকারি ফি-এর পার্থক্য

আমরা পদের নির্ধারিত সরকারি ফি নিই। টেলিটক এর চেয়ে কম নিলে পার্থক্যের টাকা সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে ফেরত যায়। টেলিটক বেশি নিলে বাড়তি টাকা আমরা বহন করি; আপনার কাছ থেকে পরে আর কিছু চাওয়া হয় না।

4. ফি দেওয়ার আগে কপি যাচাই

ফরম জমা দেওয়ার পর, সরকারি ফি দেওয়ার আগে আমরা টেলিটকের ফি-ছাড়া কপি আপনাকে পাঠাই। 12 ঘণ্টার মধ্যে “সব ঠিক আছে” অথবা “ভুল আছে” জানান। ভুল জানালে ফি দেওয়া হয় না; আমরা ঠিক করে নতুন করে জমা দিই, এর জন্য বাড়তি কোনো টাকা লাগে না।

আপনি নিশ্চিত করলে, অথবা 12 ঘণ্টায় কোনো উত্তর না পেলে, আমরা ফি দিয়ে আবেদন সম্পন্ন করি। টেলিটকে ফি দেওয়া আবেদন আর বদলানো বা ফেরত নেওয়া যায় না, তাই সেই আবেদনের টাকা ফেরত হয় না।

5. যখন টাকা ফেরত হয় না

  • ফি দিয়ে আবেদন সম্পন্ন হওয়ার পর মত বদলালে।
  • আপনার প্রোফাইলে দেওয়া ভুল তথ্যের কারণে ভুল আবেদন হলে, যা কপি যাচাইয়ের সময় জানানো হয়নি।
  • পদের যোগ্যতা (বয়স, শিক্ষাগত যোগ্যতা, জেলা কোটা ইত্যাদি) পূরণ না হওয়ায় পরে আবেদন বাতিল হলে; যোগ্যতা যাচাই করার দায়িত্ব আবেদনকারীর।
  • পরীক্ষা, ফলাফল বা নিয়োগ: এগুলো নিয়োগকারী প্রতিষ্ঠানের সিদ্ধান্ত; চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা আমরা দিই না।

6. ব্যালেন্সের টাকা ফেরত নেওয়া

ব্যালেন্সের কোনো মেয়াদ নেই এবং তা শুধু JobShathi-র আবেদনে ব্যবহার করা যায় (অন্য কাউকে পাঠানো যায় না)। অব্যবহৃত টাকা চাইলে যোগাযোগ করুন; যাচাই করে সাধারণত 3 কর্মদিবসের মধ্যে আপনার bKash নম্বরে ফেরত পাঠানো হয়। আবেদনের সময় কেটে নেওয়া টাকা ব্যালেন্সে থাকে না; সেটা ফেরত আসে ওপরের নিয়ম অনুযায়ী।

সর্বনিম্ন টপ-আপ ৳105। ভুল TrxID বা টাকা না পৌঁছালে টপ-আপ বাতিল হয় এবং কারণ আপনার ড্যাশবোর্ডে দেখানো হয়।

7. অটোফিল প্যাক

অটোফিল প্যাক (টেলিটকের ফরম এক চাপে পূরণ) কেনা যায় অটোফিল পাতা থেকে বা WhatsApp-এ। TrxID যাচাইয়ের পর প্যাক চালু হয়, আর কোন তারিখ পর্যন্ত চলবে তা অটোফিল পাতায় দেখা যায়। প্যাক নিজে থেকে নবায়ন হয় না।

অটোফিল যতদিন সবার জন্য বিনামূল্যে থাকে, বা আপনার উপহারের সময় চলে, ততদিন কেনা প্যাকের দিন গোনা শুরু হয় সেই সময় শেষ হওয়ার পরদিন থেকে; আপনার কোনো দিন নষ্ট হয় না।

  • যেকোনো কারণে প্যাক চালু করা না গেলে টাকা যে নম্বর থেকে এসেছিল সেখানে ফেরত পাঠানো হয়।
  • ভুল TrxID বা টাকা না পৌঁছালে অনুরোধ বাতিল হয়, আর কারণ অটোফিল পাতায় দেখানো হয়।
  • প্যাক চালু হওয়ার পর টাকা ফেরত হয় না, ব্যবহার কম হলেও।

প্রোফাইলের তথ্য কপি করে নিজে ফরমে বসানো সবসময় বিনামূল্যে।

8. রিফান্ড কীভাবে দেখবেন

ব্যালেন্সে ফেরত যাওয়া প্রতিটি টাকা ড্যাশবোর্ড → অ্যাপ্লাই সার্ভিস-এর লেনদেনের হিসাবে কারণসহ দেখা যায়। আবেদন ব্যর্থ হলে কারণ আবেদনের পাশেই লেখা থাকে।

প্রশ্ন বা অভিযোগ থাকলে

JobShathi পরিচালনা করেন Nasir Uddin। আমরা সাধারণত শনি থেকে বৃহস্পতিবার, সকাল 10টা থেকে রাত 8টা সময়ে উত্তর দিই।